পরিবারের কাছ থেকে হারিয়ে যাওয়া চার বছর বয়সী শিশু আবদুল্লাহকে দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় খুঁজে বের করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। শিশুটিকে উদ্ধার, চিকিৎসার ব্যবস্থা এবং পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের উদ্যোগ, স্থানীয়দের সহযোগিতা ও এক অটোরিকশাচালকের মানবিক ভূমিকা প্রশংসিত হয়েছে।
জানা যায়, সকাল ৭টার দিকে বাসা থেকে নিখোঁজ হয় শিশু আবদুল্লাহ। সকাল ১০টার দিকে গাবতলা মোড় এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে আহত হয় সে। পরে অটোরিকশাচালক শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে শিশুটিকে নিয়ে এলাকায় ফিরে পরিবারের সন্ধান শুরু করেন তিনি। বিভিন্নভাবে চেষ্টা করেও স্বজনদের খুঁজে না পেয়ে শিশুটিকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে উপস্থিত হন ওই চালক।
বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন শিশুটির পরিবারের সন্ধানে উদ্যোগ নেন। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে লালখান, কুতুবপুর এলাকায় আবদুল্লাহর পরিবারের সন্ধান পাওয়া যায়। পরে ইউএনওর উদ্যোগে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ সময় শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও শুকনো খাবার দেওয়া হয়। পাশাপাশি শিশুটিকে নিরাপদে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা এবং পরিবারের সন্ধানে সহযোগিতা করায় অটোরিকশাচালককেও সম্মানী প্রদান করা হয়।
দীর্ঘ উৎকণ্ঠার পর সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরে আসে পরিবারের সদস্যদের মধ্যে। প্রশাসনের আন্তরিকতা, স্থানীয়দের সহযোগিতা এবং একজন সাধারণ মানুষের দায়িত্ববোধের এই ঘটনা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...