বিশ্বকাপ ফুটবল উৎসবকে ঘিরে নারায়ণগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের মধ্যে ১০০টি ফুটবল ও জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মাহমুদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহমুদ মাহমুদ বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও বিস্তৃত করতে জেলা পরিষদ ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।
বিশেষ অতিথি অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্বকাপ ফুটবল উৎসবকে ঘিরে এ ধরনের আয়োজন ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান, নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ বেসরকারি ক্লিনিক সমিতির সভাপতি ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলসহ স্থানীয় ১২টি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ক্রীড়া সংগঠনগুলোর মাঝে ১০০টি ফুটবল ও জার্সি বিতরণ করা হয়। পরে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...