নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত ব্লু পিয়ার রেস্টুরেন্টে তেলাপোকার বিচরণ, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে রেস্টুরেন্টটিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টটির রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি রয়েছে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা নেই। এছাড়া ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও সামগ্রিকভাবে অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের বাজার কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, “নিয়মিত তদারকির অংশ হিসেবে ব্লু পিয়ার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিদর্শনে রান্নাঘরে স্বাস্থ্যবিধি না মানা, পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা না থাকা, তেলাপোকার বিচরণ এবং ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সার্বিক পরিবেশও ছিল অপরিচ্ছন্ন। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
অভিযানের সময় রেস্টুরেন্টটির ম্যানেজার জাকির হোসেন অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা কিছু ত্রুটি শনাক্ত করেছেন। সেগুলো সংশোধনের জন্য সাত দিনের সময় চাওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সেই সুযোগ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের ত্রুটি দূর করা হবে বলেও তিনি জানান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও খাদ্য প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...