নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিমের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি নিজের পরিবারের মুক্তিযুদ্ধকালীন অবদানের কথা তুলে ধরেন। বক্তব্যে তিনি বলেন, “আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।”
তবে তার এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হতে শুরু করে। সমালোচকদের দাবি, সংসদ সদস্যের নির্বাচনী হলফনামায় তার জন্মতারিখ ১০ জানুয়ারি ১৯৮১ উল্লেখ করা হয়েছে। সেই তথ্য অনুযায়ী তিনি স্বাধীনতার প্রায় এক দশক পরে জন্মগ্রহণ করেন।
এ অবস্থায় অনেকেই প্রশ্ন তুলেছেন, যদি তার বাবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়ে থাকেন, তাহলে ১৯৮১ সালে তার জন্ম হওয়ার বিষয়টি কীভাবে ব্যাখ্যা করা যায়?
একই সঙ্গে অনলাইন তথ্যভাণ্ডার Wikipedia-এও তার জন্মতারিখ ১০ জানুয়ারি ১৯৮১ হিসেবে উল্লেখ রয়েছে বলে আলোচনায় উঠে এসেছে।
এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ বক্তব্যের সত্যতা যাচাইয়ের দাবি জানাচ্ছেন, আবার অনেকে সংসদ সদস্যের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রত্যাশা করছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...