বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, গাবতলী উপজেলার চামুড়পাড়া এলাকার শ্রী সুমন চন্দ্র দাস (৩২) এবং ডহড়গ্রাম এলাকার মো. রেজাউল করিম সাজু (৪৫)।
বুধবার (৮ জুলাই) ডিএনসি, বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে সুখানপুকুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানকালে দুই আসামির কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত শ্রী সুমন চন্দ্র দাসকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মো. রেজাউল করিম সাজুকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম আরও জোরদার করা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...