সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এখন নানা জল্পনা-কল্পনা। রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াতে যাচ্ছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক। চেয়ারম্যান পদে তরুণ ও আলোচিত মুখ আহমদ সালেহ বিন মালিকের প্রার্থিতা ঘোষণা তৃণমূলের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গত নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের নজর কাড়া এই তরুণ মুখ এবার বৃহত্তর পরিসরে নিজের ভাগ্য পরীক্ষা করতে চলেছেন।
আহমদ সালেহ বিন মালিকের রাজনৈতিক যাত্রার একটি বড় অংশ জুড়ে রয়েছে স্থানীয় সরকারের প্রাথমিক স্তর। এর আগে তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ের হিসাব ছিল ভিন্ন। সেই নির্বাচনের অভিজ্ঞতা তাকে কানাইঘাটের সাধারণ মানুষের খুব কাছে নিয়ে গেছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা এবং সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগের দক্ষতা তাকে এবারের উপজেলা নির্বাচনে অন্যতম প্রার্থী হিসেবে দাঁড় করাতে যাচ্ছে।
কানাইঘাটের রাজনীতিতে আহমদ সালেহ বিন মালিকের একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে তার পারিবারিক ঐতিহ্যের কারণে। তার বাবা জননেতা মাওলানা আব্দুল মালিক জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির ছিলেন, যা এই অঞ্চলে তাদের পরিবারের একটি নির্দিষ্ট ভোটব্যাংক এবং জনসমর্থন নিশ্চিত করে। বাবার আদর্শ এবং ধর্মীয় ও সামাজিক প্রভাবকে কাজে লাগিয়ে তিনি কানাইঘাটের বৃহত্তর জনগোষ্টীর সমর্থন আদায়ের চেষ্টা করছেন। স্থানীয়দের মতে, পারিবারিক পরিচয়ের পাশাপাশি আহমদ সালেহ বিন মালিকের ব্যক্তিগত পরিচ্ছন্ন ভাবমূর্তি সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে পারে।
প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক আধুনিক ও ডিজিটাল পদ্ধতির পাশাপাশি ঐতিহ্যবাহী গণসংযোগেও জোর দিচ্ছেন। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখছেন। বিশেষ করে কানাইঘাটের অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টিই তার নির্বাচনী ইশতেহারের মূল বিষয় হতে যাচ্ছে। তার সমর্থকরা মনে করেন, একজন শিক্ষিত এবং তরুণ প্রার্থী হিসেবে তিনি কানাইঘাট উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলায় রূপান্তর করতে পারবেন।
তবে বিশ্লেষকদের মতে, পারিবারিক ঐতিহ্য তার জন্য যেমন শক্তির উৎস, তেমনি আধুনিক রাজনীতির মেরুকরণে তাঁর নির্বাচন একটি চ্যালেঞ্জও হতে পারে। কানাইঘাট উপজেলা নির্বাচনে প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিকের প্রার্থিতা কেবল একটি পদের লড়াই নয়, বরং এটি তার পারিবারিক ঐতিহ্য এবং নিজস্ব নেতৃত্বের সক্ষমতা প্রমাণের এক বড় পরীক্ষা।
আপনার মন্তব্য প্রদান করুন...