তীব্র শীতের কনকনে হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবতার উষ্ণ পরশ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সোমবার (৫ জানুয়ারি) বাদ মাগরিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ১৩নং ওয়ার্ডের হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে তাঁর ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত ছিন্নমূল ও পথচারী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় আপসহীন দেশনেত্রী, মাদার অব ডেমোক্রেসি ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন জানানো হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন,
“এই তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানবিক ও গণতান্ত্রিক আদর্শ অনুসরণ করেই আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
এ সময় তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই মানুষের দুঃসময়ে পাশে থেকেছে এবং আগামীতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য প্রদান করুন...