নারায়ণগঞ্জের চর সৈয়দপুর ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ আবাসিক এলাকায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, জেলা পরিষদের প্রশাসক ও প্রকল্পের প্রধান উপদেষ্টা অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেছেন, প্রকল্পের বাসিন্দাদের দীর্ঘদিনের যৌক্তিক সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে চর সৈয়দপুর ভূমিহীন আশ্রয়ণ প্রকল্পে প্রকল্পের বাসিন্দাদের উদ্যোগে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, ঢাকা দক্ষিণের সভাপতি মশিউর রহমান রনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আশ্রয়ণ প্রকল্পটি পরিদর্শন করে তিনি দুটি গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করেছেন। প্রথমত, প্রকল্পের বাসিন্দাদের নামে জমির রেজিস্ট্রিকৃত দলিল এখনো প্রদান করা হয়নি। দ্বিতীয়ত, এখানে বসবাসকারী অধিকাংশ মানুষ এ এলাকার ভোটার নন। তারা ফতুল্লা, এনায়েতনগর, কুতুবপুর, কাশীপুর ও গোগনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটার হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশিত গুরুত্ব ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, “আমি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে আপনাদের ভোটার স্থানান্তরের বিষয়টি সহজ করার চেষ্টা করব। পাশাপাশি জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সঙ্গে কথা বলে জমির দলিলসহ অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
এলাকার নামকরণ প্রসঙ্গে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “এ এলাকার বর্তমান নাম নিয়ে বিভ্রান্তি রয়েছে। বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে ‘জিয়ানগর-১’, ‘জিয়ানগর-২’ ও ‘জিয়ানগর-৩’ নামে নামকরণের উদ্যোগ নেওয়া হবে। এতে এলাকার স্বতন্ত্র পরিচয় ও মর্যাদা বৃদ্ধি পাবে। আমি এটিকে কেবল একটি আশ্রয়ণ প্রকল্প হিসেবে দেখতে চাই না; বরং একটি আধুনিক, পরিকল্পিত ও পূর্ণাঙ্গ আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের যৌক্তিক দাবিগুলো অনেক আগেই বাস্তবায়ন হওয়া উচিত ছিল, আর সেই দাবিগুলো বাস্তবায়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
তিনি আরও আশ্বাস দিয়ে বলেন, আশ্রয়ণ প্রকল্পে পর্যায়ক্রমে সোলার স্ট্রিট লাইট স্থাপন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত করতে বাউন্ডারি নির্মাণসহ প্রয়োজনীয় সকল আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। চর সৈয়দপুর আশ্রয়ণ প্রকল্পকে একটি দৃষ্টিনন্দন, নিরাপদ ও আধুনিক আবাসিক এলাকায় রূপান্তর করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে প্রকল্পের বাসিন্দাদের অধিকার, উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করা হবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান (বাঙালি)-এর সভাপতিত্বে এবং জেলা প্রসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এস. এম. মাহমুদুল হক আলমগীর, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য সচিব সিদ্দিকুর রহমান উজ্জ্বল, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন, গোগনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুর রহমান দুদু, চর সৈয়দপুর যুবদল নেতা মো. আহম্মদ আলী, মো. তাহের মাতবর, মো. আক্তার হোসেন, কাশীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয় এবং বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও আধুনিক আবাসিক এলাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...