নারায়ণগঞ্জের কৃতি সন্তান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ নগরীর ২ নম্বর গেট এলাকায় সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাকির খানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী ছিলেন নারায়ণগঞ্জের রাজনীতির একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব ও প্রাণপুরুষ। তাঁর দূরদর্শী নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও বলিষ্ঠ ভূমিকা নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনকে ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে মিশে থাকা একজন মাটির মানুষ ছিলেন।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে মরহুম মতিন চৌধুরীর অবদান কোনোদিন বিস্মৃত হওয়ার নয়। তাঁর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহসী নেতৃত্ব ও কর্মীদের প্রতি আন্তরিকতা আজও নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগায়।
তারা আরও বলেন, জাকির খান মরহুম আব্দুল মতিন চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ সাহচর্যে থেকে রাজনীতির অনেক কিছু শিখেছেন। তাদের সম্পর্ক ছিল অনেকটা নানা-নাতির মতো। জাকির খানকে তিনি অত্যন্ত স্নেহ ও ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন। ফলে মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে এ ধরনের আয়োজন তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।
আলোচনা সভায় বক্তারা মরহুম আব্দুল মতিন চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, নারায়ণগঞ্জের মানুষের জন্য তাঁর অবদান এবং বিএনপির রাজনীতিতে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আওলাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও দেওভোগ পোশাক নির্মাণ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের মো. এরশাদ এবং নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সভাপতি সলিমুল্লাহ করিম সেলিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুর হানিফ, দেলোয়ার হোসেন খোকন, সেলিম হোসেন, জিয়াউর রহমান জিয়া, মোহাম্মদ লিংকন খান, এইচ এম মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রনি, মশিউর রহমান, সনেট আহমেদ ও নিমরাজ খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম রতন এবং সঞ্চালনা করেন পারভেজ মল্লিক।
আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও নারায়ণগঞ্জবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...