আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদের হলরুমে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় মামুন মাহমুদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া যাবে না। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, “যেসব মন্দির থেকে রথযাত্রা বের হবে, সেখানে আমাদের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। শুধু রথযাত্রার দিন নয়, উল্টো রথযাত্রার সময়ও একইভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন।”
দেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাই যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।
এ সময় তিনি দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে যোগ্য নেতৃত্ব তৈরি এবং নেতৃত্বের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক ওসমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা তাতীদলের সভাপতি শুক্কুর মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আপনার মন্তব্য প্রদান করুন...