সেক্রেটারি নির্বাচিত টিপু, কার্যনির্বাহী কমিটির পাঁচ সদস্য পদেই প্যানেলের প্রার্থীদের বিজয়
নারায়ণগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের ৫১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে জয় পেয়েছে নবী-টিপু প্যানেল। সেক্রেটারি পদে ১৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। একই প্যানেল থেকে কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদেও বিজয়ী হয়েছেন প্রার্থীরা।
শনিবার (৩১ অক্টোবর) জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯৯৭ জন ভোটারের মধ্যে ৩৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সেক্রেটারি পদে আবু আল ইউসুফ খান টিপুর প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা পেয়েছেন ১৫৪ ভোট। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নবী হোসেন। পদাধিকারবলে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ ছাড়া নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির (২৮১ ভোট), অ্যাডভোকেট মো. জাকির হোসেন (২৭৫ ভোট), রিয়াদ মোহাম্মদ চৌধুরী (২৬৩ ভোট) এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন (২১৮ ভোট)।
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান (১১০ ভোট), মো. হারুন অর রশীদ খান (৯১ ভোট) এবং মোহাম্মদ নাজমুল হক (৮৭ ভোট)।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার ও প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নির্বাচন পরিদর্শন ও ভোটাধিকার প্রয়োগ করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। কমিটির অন্য সদস্যরা ছিলেন তাঁর স্ত্রী অধ্যাপক বদরুননাহার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১ বছরের ইতিহাসে এটিই প্রথম নির্বাচন। ঐতিহাসিক বিবেচনায় দিনটি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। নির্বাচিত প্রতিনিধিরা সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি যারা নির্বাচিত হতে পারেননি, তাদেরও আজীবন সদস্য হিসেবে বিজয়ীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রথম নির্বাচনকে ঘিরে নবী-টিপু প্যানেলের এই বিজয় নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব ও নতুন প্রত্যাশার সূচনা করেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...