নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ওই এলাকায় গেলে তাদের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
হামলার সময় সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, হাশেমবাগ এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে। এর আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। কনস্টেবলের ওপর হামলার পেছনে মাদক ব্যবসায়ী কোনো চক্র জড়িত রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে একই এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়িতে লুটপাটের অভিযোগের তদন্তে গিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ পাঁচজনকে আটক করে। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ জানিয়েছিল, ওই অভিযুক্তদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও কিশোর অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে, পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা, কী কারণে এবং কী উদ্দেশ্যে পুলিশের ওপর এমন হামলা চালিয়েছে, তা উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আপনার মন্তব্য প্রদান করুন...