নারায়ণগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও গাছ বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) বিকেলে ফতুল্লার চৌধুরীবাড়ী পারিবারিক মিলনায়তন মাঠে ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ইতিহাসের পাতায় স্থান করে নেননি, বরং একজন বীর সেনানায়ক হিসেবে মহান মুক্তিযুদ্ধে সম্মুখসমরে অংশগ্রহণ করেছেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনেও তাঁর অবদান ছিল অনন্য। জাতির প্রতি অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।”
তিনি আরও বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা তাদের জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। বিএনপির নেতা-কর্মীরা তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।”
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “দীর্ঘদিন ক্ষমতায় থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরাই দলটির সাংগঠনিক ভিত্তিকে দুর্বল করে দিয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণেই দলটি আজ সংকটময় পরিস্থিতির মুখোমুখি।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “মানুষের ভুল হতে পারে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করাই সবচেয়ে বড় বিষয়। দলকে আরও শক্তিশালী ও জনমুখী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ টিপুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও গাছের চারা বিতরণ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...