পাগলা নয়ামাটি ১৭ সদস্যের নতুন কমিটি গঠন
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা নয়ামাটি এলাকায় সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অসামাজিক ও অন্যায় কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাগলা নয়ামাটি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থেকে পঞ্চায়েত কমিটি-২ এর কার্যালয়ের উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
১৭ সদস্যের নবগঠিত কমিটিতে মোঃ ইসমাইল সভাপতি, মোঃ মাহবুব রহমান চঞ্চল সিনিয়র সহ-সভাপতি, মোঃ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক, আক্তারুজ্জামান পাটোয়ারী যুগ্ম সম্পাদক এবং মোঃ শামীম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির নেতৃবৃন্দ জানান, শুধু একটি সাংগঠনিক কাঠামো গড়ে তোলাই নয়, বরং এলাকার মানুষের নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করাই পঞ্চায়েত কমিটির মূল লক্ষ্য। বিশেষ করে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ, ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয়ভাবে সচেতনতা তৈরি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কমিটি কাজ করবে।
তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সচেতন মানুষেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই দক্ষিণ নয়ামাটি পঞ্চায়েত কমিটি-২ এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চায়।
নেতৃবৃন্দ আরও বলেন, এলাকার যেকোনো সামাজিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার এবং অন্যায়-অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলাই হবে এই কমিটির অন্যতম অঙ্গীকার।
কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ নয়ামাটি এলাকায় একটি শান্তি, শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তাভিত্তিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...