বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। এ কর্মসূচিতে বিনামূল্যে রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। যুবদলের এ উদ্যোগে চিকিৎসাসেবার সুযোগ পান বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় মহানগর যুবদলের তত্ত্বাবধানে এবং মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. মজিবুর রহমানের মেডিকেল টিমের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প একটি অত্যন্ত মানবিক ও সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে চিকিৎসাবঞ্চিত সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। বিগত সরকারের সময়ে যুবদলের নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এ ধরনের মানবিক কর্মসূচি শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চালু রাখার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিগত সরকারের সময়ে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদসহ নেতাকর্মীদের অসংখ্য মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নম্বর দফায় ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই আদর্শকে ধারণ করেই এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী দিনেও যুবদল চাঁদাবাজি, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে মানুষের কল্যাণে কাজ করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, রাজনৈতিক লড়াই-সংগ্রামের পাশাপাশি সাধারণ মানুষের সেবা করার মানসিকতাও থাকতে হবে। অভিজ্ঞ চিকিৎসক ডা. মজিবুর রহমানের মেডিকেল টিমের সহযোগিতায় এ আয়োজন সফল হয়েছে। যুবদল রাজপথের আন্দোলনের পাশাপাশি মানুষের বিপদে-আপদে পাশে থাকবে বলেও জানান তিনি।
মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, সুচিকিৎসা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। ১৯৭১ সালের স্বাধীনতার মূল লক্ষ্য ছিল বৈষম্য থেকে মুক্তি অর্জন। সেই চেতনায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করার কথা জানান তিনি। অসহায় কেউ চিকিৎসাসেবার জন্য যোগাযোগ করলে সাধ্যমতো সহযোগিতার আশ্বাসও দেন সাহেদ আহমেদ।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মজিবুর রহমান, খানপুর হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. বয়েজ উদ্দিন, ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা. নাজমুল বিপুল, খানপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামিরা এবং আদর্শ পরিবার কল্যাণ সংস্থার ডা. তানজিলা নিপা।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, মোফাজ্জল হোসেন আনোয়ার, শাকিল মিয়া, সাইফুল আলম সজিব ও জাকির হোসেন সেন্টু। আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন ও মাহফুজুর রহমান ফয়সালসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এ উদ্যোগের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বার্তা দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
আপনার মন্তব্য প্রদান করুন...