নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক ও সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নাঈম ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকার বাসিন্দা মোঃ নাঈম তার কয়েকজন আত্মীয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং হামলার অভিযোগ তুলেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোঃ এরশাদ, মোঃ তারিফ, মোঃ রুহুল আমিন পিতা নাজিমুদ্দিন, সহ আরও কয়েকজন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। এ নিয়ে প্রতিবাদ করলে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়। সর্বশেষ গত ২০ মে ২০২৬ ইং তারিখ সন্ধ্যায় বাড়ির সামনে নিজ মালিকানাধীন জায়গায় একটি পিকআপ গাড়ি রাখাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।
ভুক্তভোগীর দাবি, এ সময় অভিযুক্তরা জোরপূর্বক গাড়ি সরিয়ে দেয় এবং বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্র দেশী অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে আহত করে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় লোহার রড ও কাঠের লাঠি দিয়ে আঘাত করা হলে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এছাড়াও অভিযোগে প্রাণনাশের হুমকির বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী জানান, অভিযুক্তরা ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের কাছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
আপনার মন্তব্য প্রদান করুন...