নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে আটক করা হয়েছে—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।
শনিবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সজীব দাবি করেন, তাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমি সোনারগাঁবাসী ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, কোনো গুজব বা বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে সত্য ও বাস্তব তথ্যের ওপর আস্থা রাখুন। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থনই আমার চলার শক্তি।”
এর আগে বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সজীবের ফেসবুক স্ট্যাটাস প্রকাশের পর তার সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে তিনি তার বক্তব্যে আটকের বিষয়টি সরাসরি উল্লেখ না করে এটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেছেন।
ঘটনার প্রকৃত কারণ ও আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করছে সংশ্লিষ্ট মহল।
আপনার মন্তব্য প্রদান করুন...