নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘শুটার রিয়াজ’-এর দুই ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ জুন) রাত প্রায় ৯টার দিকে আড়াইহাজার উপজেলার পায়রা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার গাউছিয়া পারগাঁও এলাকার খোকনের ছেলে মো. সুমন এবং ভুলতা এলাকার মৃত রুহুল আমিনের ছেলে শাওন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের জি-জোনের ইনচার্জ মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
ডিবির দাবি, গ্রেপ্তার হওয়া সুমন ও শাওন রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ‘শুটার রিয়াজ’-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...