প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসেবার উদ্যোগ রুবেল হোসেনের, সন্তোষ প্রকাশ সেবাগ্রহীতাদের
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে ফতুল্লা থানা যুবদল। প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনের কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের। এতে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুসহ দিনব্যাপি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অসহায় ও দরিদ্র মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
ফতুল্লা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের সদস্যসচিব সালাউদ্দিন রানা।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা নিম্নআয়ের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এমন উদ্যোগ গ্রহণের জন্য রুবেল হোসেন সহ সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার এ উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। বিশেষ করে আর্থিক অসচ্ছলতার কারণে যেসব মানুষ সহজে চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের আয়োজন ছিল স্বস্তিদায়ক।
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে জনসেবামূলক কর্মকাণ্ডের প্রতি গুরুত্বারোপ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...