ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষার্বষের প্রায় দুই হাজার নবীন শিক্ষার্থীকে ফুল, আল-কুরআন, বই, কলম এবং ছেলেদের টি-শার্ট ও মেয়েদের হিজাবসহ বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেয় ইবি শাখা ছাত্রশিবির।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯ টায় ইবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুর, সংগঠনটির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল হাসান, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মো. মোজাহেরুল ইসলাম, সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম, ইবি শাখা শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, এছাড়া, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ফার্মেসী বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, প্রয়োজনে ছাত্রশিবির সর্বদা কাজ করে আসছে এবং আগামীতেও কাজ করে যাবে। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে গিয়ে দুইজন ভাইকে গুম হতে হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। নবীন বরণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, জিয়া হল প্রশাসন অবৈধভাবে ছাত্রদলের কিছু শিক্ষার্থীকে হলে তুলে। বৈধতা দেওয়ার জন্য তারা একটি প্রক্রিয়া দাঁড় করিয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে এ অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ছাত্রশিবির।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা একেবারেই নিম্নমানের। এ শিক্ষা ব্যবস্থায় বেকার শিক্ষার্থী তৈরি হয়। শিক্ষকরা এখন কোটায় নিয়োগপ্রাপ্ত হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের চাইতে প্রধানমন্ত্রীর প্রোগ্রামে গিয়ে কীভাবে পদলেহন করা যায় সেই চিন্তায় শিক্ষকরা ব্যস্ত থাকে। পলিটিক্সের কারণে শিক্ষার্থীর আবাসন থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীর শতভাগ আবাসনের ব্যাপারে আমরা আন্দোলন করে যাবো। শিক্ষার্থীদের জন্য শিবির ইন্টারনালি এক্সটারনালি কার্যক্রম করে যাচ্ছে ।
শিক্ষার্থীদের হায়ার স্টাডির জন্য আমাদের হায়ার স্টাডি ডিপার্টমেন্ট আছে। কীভাবে হায়ার স্টাডি করতে যাওয়ার প্রস্তুতি নিতে হয়, এসওপি কীভাবে লিখতে হয়, রিকমেন্ডেশন লেটারটা কী জিনিস কীভাবে লিখতে হয়, পাবলিকেশন কীভাবে করতে হবে, পৃথিবীর অন্য দেশের সাথে, অন্য প্রফেসরদের সাথে কীভাবে একটা অ্যালাইন করা যায়, স্কলারশিপ কীভাবে পাওয়া যায় সকল বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।’এছাড়াও তিনি নারী শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের কার্যক্রম তুলে ধরে বলেন,আমাদের সব কার্যক্রম নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত। উচ্চশিক্ষা নিয়ে আমরা জব ফেয়ার, এডুকেশন এক্সপো, আইইএলটিএস, টোফেল ও জিআরই কোর্স, থ্রিডিউ জেন প্ল্যাটফর্মে স্বল্পমূল্যের কোর্স, সবকিছুতেই নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। কেউ আর্থিক সমস্যার কথা জানালে অনেক ক্ষেত্রে কোর্সের ফিও নেওয়া হয় না।
তিনি আরো উল্লেখ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করেছে। আমরা ইতোমধ্যে লংমার্চ করেছি, মিছিল করেছি, এই ক্যাম্পাসেও মিছিল করছি। সরকার যদি আমাদের বাধ্য করে আমরা অবরোধ কর্মসূচি করব, স্ট্রাইক, হরতাল পালন করা, ঘেরাও কর্মসূচি করব। সরকারের সুবুদ্ধি উদয়ের জন্য সময় দিচ্ছি। আমরা কিছুটা অপেক্ষা করছি। মোনাফেকি থেকে যদি ফিরে না আসে, যে ভাষায় কথা বললে, যে আচরণ করলে তারা লাইনে আসে, সেই আচরণের দিকেই আমাদেরকে যেতে বাধ্য হবো। সাধারণ জনতা ও ছাত্রজনতাকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।
আপনার মন্তব্য প্রদান করুন...