নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কাশীপুর দেওয়ান বাড়ি সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের সামনের অংশে আগুন ধরে যায়। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ব্যাংকটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টা থেকে দেড়টার মধ্যে দুই ব্যক্তি দূর থেকে ব্যাংকের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই ব্যাংকের সামনের অংশে আগুন জ্বলে ওঠে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। এদিকে, দুর্বৃত্তদের পালিয়ে যেতে দেখে স্থানীয়রা ধাওয়া করলেও তাদের আটক করতে পারেননি।
গ্রামীণ ব্যাংকের কাশীপুর শাখার ব্যবস্থাপক চিন্ময় বেপারি জানান, সকালে বাড়ির মালিক তাদের বিষয়টি জানিয়েছেন। ব্যাংকের সামনে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
তিনি আরও জানান, আগুন লাগার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে থানায় পুলিশকে বিষয়টি জানানো হয়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ঘটনাটি তাদের জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
আপনার মন্তব্য প্রদান করুন...