নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, গোপন ষড়যন্ত্র ও গুপ্ত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করেছেন এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আলম মাহমুদ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় পঞ্চবটি অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের সামনে থেকে এনায়েতনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চবটি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
বিক্ষোভ মিছিলে যুবদল নেতা আলম মাহমুদ নেতাকর্মীদের সঙ্গে রাজপথে উপস্থিত থেকে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আলম মাহমুদ দলের দুঃসময়ে রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা একজন পরীক্ষিত যুবদল নেতা হিসেবে পরিচিত। গত ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ এবং রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে এনায়েতনগর ইউনিয়ন যুবদলে নিজের অবস্থান ধরে রেখেছেন আলম মাহমুদ। শুক্রবারের বিক্ষোভ মিছিলেও তাঁর উপস্থিতি ছিল নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধ প্রতিবাদের অংশ।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহমতুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল হাসান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অরাজকতা সৃষ্টির অপচেষ্টা, গোপন ষড়যন্ত্র ও গুপ্ত হামলার প্রতিবাদ জানিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। একই সঙ্গে যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...