বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মহিষ্ট গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন গোপালগঞ্জের এক তরুণী। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই প্রবাসী তাঁর কাছ থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে ৭ লাখ টাকা নিয়েছেন এবং বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
অনশনরত নাসরীন আক্তার জানান, মহিষ্ট গ্রামের মালয়েশিয়া প্রবাসী এনামুল হকের সঙ্গে তাঁর প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। এই সময় এনামুল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন প্রয়োজনে আর্থিক সহযোগিতার কথা বলে তাঁর কাছ থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে ৭ লাখ টাকা নেন। পরে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করে টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন তিনি।
নাসরীন আক্তারের দাবি, বারবার যোগাযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে তিনি নিজের অধিকার আদায়ের লক্ষ্যে এনামুল হকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন। বিয়ে অথবা তাঁর পাওনা টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজন প্রবাসীর বাড়িতে ভিড় করছেন। পরিস্থিতি শান্ত রাখতে এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত এনামুল হক বা তাঁর পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মন্তব্য প্রদান করুন...