ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আগ্রহী ভারত সরকার। তবে তাকে দেশে ফেরানোর ক্ষেত্রে দুটি শর্ত সামনে এনেছে নয়াদিল্লি। এ নিয়ে দুই দেশের মধ্যে কয়েক মাস ধরেই পর্দার আড়ালে আলোচনা চলছে বলে দাবি করেছে বিবিসি বাংলা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের প্রধান শর্ত দুটি।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথম শর্ত হলো, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। কারণ, ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর উড়োজাহাজে ভারতে পৌঁছেছিলেন। তাই তাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও একই ধরনের সামরিক প্রক্রিয়া অনুসরণের পক্ষে দিল্লি।
এ ক্ষেত্রে বাংলাদেশ সামরিক বিমান পাঠিয়ে দিল্লি থেকে তাকে নিয়ে যেতে পারে। বিকল্প হিসেবে স্থলপথে সীমান্তের নির্ধারিত কোনো পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রহণ করতে পারেন। এ ধরনের প্রত্যাবর্তন প্রক্রিয়ায় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতেও ভারত প্রস্তুত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতের দ্বিতীয় শর্ত হলো, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করার সুযোগ পান, সে বিষয়ে বাংলাদেশকে নিশ্চয়তা দিতে হবে।
তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে বিষয়টি বিবেচিত হোক, তা চায় না ভারত। এ কারণে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে সতর্ক অবস্থানে রয়েছে দেশটি।
বিবিসি বাংলাকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শেখ হাসিনাকে জেনেশুনে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দিতে ভারত আগ্রহী নয়। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটি নিশ্চিত করতে চায় নয়াদিল্লি।
একই সঙ্গে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক মহল ও বৈশ্বিক গণমাধ্যমের নজরদারিতে থাকুক, সেটিও ভারত নিশ্চিত করতে চাইবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই দুটি শর্তের ভিত্তিতে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ তৈরি করতে গত কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক পর্যায়ে গোপন আলোচনা চলছে।
তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান বা ভারতের পক্ষ থেকে কোনো প্রকাশ্য ঘোষণা এখনো প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আপনার মন্তব্য প্রদান করুন...