নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মো. ইউনুস আলী নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক মাদক ব্যবসায়ী ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত রোববার (১৯ জুলাই) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ইউনুস আলী ওই এলাকার মৃত চাঁন শরীফ চৌকিদারের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের একজন নায়েক পদমর্যাদার সদস্য।
স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুস আলী স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় নতুন কর্মস্থলে যোগদানের প্রস্তুতির জন্য ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
রোববার বিকেলে তিনি বাড়ির আশপাশে ঘুরতে বের হলে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুহিনকে প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখেন। এ সময় তিনি মাদক বিক্রির প্রতিবাদ জানান এবং তা বন্ধ করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে তুহিন ও তার সহযোগীরা ইউনুস আলীর ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে তার গলায় আঘাত করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ইউনুস আলীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী তুহিনসহ অন্যান্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...