সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি বিএনপির ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময় বসুন্ধরায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ খাঁদ পঞ্চায়েতের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ফতুল্লা থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন—তবুও আদর্শ থেকে একচুলও সরেননি ডা. মুজিবুর রহমান দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে বুদ্ধিস্ট কমিউনিটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সমাজ থেকে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূলে জনসচেতনতার কোনো বিকল্প নেই : মামুন মাহমুদ  সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীতে সেলিম হোসেনের গভীর শোক ও শ্রদ্ধা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ছাত্রদলের নতুন কমিটি প্রধানমন্ত্রীর টেবিলে, ঘোষণা যে কোনো সময়

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি এখন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে ছাত্রদলের ইতিহাসে ‘রেকর্ডসংখ্যক সাংগঠনিক ইউনিটের’ কমিটি দেওয়া বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন কমিটির আনুষ্ঠানিক অধ্যায় শেষ হতে পারে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা। বৈঠকে সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের ভূমিকা, ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারত্ব বজায় রাখা এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তরের বিষয়টি গুরুত্ব পায় বলে জানা গেছে।

সংশ্লিষ্ট একাধিক নেতা জানান, সাক্ষাৎকালে বৈষম্যবিরোধী ও সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেন তারেক রহমান। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারত্ব বজায় রেখে সংগঠনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে ছাত্রদলের বিদায়ী নেতাদের উদ্দেশে তারেক রহমান তাদের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি সংগঠনের ধারাবাহিকতা ও গতিশীলতা ধরে রাখতে নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।
দুই বছরের মেয়াদ শেষ

২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির দায়িত্ব পান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সময়ে আবু আফসান মো. ইয়াহইয়া সিনিয়র সহ-সভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান।
পরে ২০২৪ সালের ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছাত্রদলের ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর করার প্রস্তাব রয়েছে। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। এরপর থেকেই নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের মধ্যে তৎপরতা বেড়েছে।

দীর্ঘদিন ধরে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন হিসেবে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছে ছাত্রদল। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনার উদ্যোগের অংশ হিসেবেই ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে চলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিদায়ী নেতাদের আনুগত্যের বার্তা
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ছাত্রদলের বিদায়ী নেতারাও কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও শ্রদ্ধা প্রকাশ করেন। দল ভবিষ্যতে যে দায়িত্বই দেবে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এদিকে নতুন কমিটিতে পদপ্রত্যাশী নেতারা মনে করছেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ছাত্রদলকে শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তোলার এখনই উপযুক্ত সময়। একই সঙ্গে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল দল বিএনপি এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে যথাযথ মূল্যায়নের দাবিও জানিয়েছেন তারা।

শীর্ষপদে আলোচনায় যারা
ছাত্রদলের নতুন কমিটির শীর্ষ পদে কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, এক নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক পদমর্যাদায় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক।
সব মিলিয়ে, নতুন কমিটি ঘোষণার অপেক্ষায় এখন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কমিটি ঘোষণা হলে রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন বর্তমান কমিটির আনুষ্ঠানিক অধ্যায় শেষ হবে এবং নতুন প্রজন্মের হাতে ছাত্রদলের নেতৃত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..