নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বৃদ্ধকে মারধরের পর মৃত্যুর ঘটনায় বিএনপির এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) নিহত ফজলুর রহমানের মেয়ে ফারজানা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ সামছুদ্দিন, তার ভাতিজা নোবেলসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি এক তরুণীকে মারধর করছিলেন। এ সময় ফজলু তাদের বাধা দিয়ে মারধরের কারণ জানতে চাইলে আসামিরা তার ওপর চড়াও হন। একপর্যায়ে তারা কিল-ঘুষি ও লাথি মেরে তাকে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা আহত ফজলুকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। পরে ১৯ জুলাই সকালে তিনি মারা যান।
নিহতের পরিবারের দাবি, হামলায় প্রাপ্ত আঘাতের কারণেই ফজলুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হওয়ার পর নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। নিহতের মেয়ে বাদী হয়ে মামলাটি করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...