হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন আড়াইহাজার উপজেলা বিএনপির নেতা মো. মাসুদুর রহমান মাসুদ। তিনি বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
এক বিবৃতিতে মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, হবিগঞ্জে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটি এনসিপির উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে সংঘটিত হয়েছে। অথচ ঘটনাটির সঙ্গে বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সন্ত্রাস, নৈরাজ্য কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ড কখনোই বিএনপির আদর্শ নয়। বিগত ১৭ বছর ধরে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। অসংখ্য নির্যাতন, হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু কখনো সন্ত্রাস কিংবা নাশকতার পথ বেছে নিইনি।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের আস্থা ও প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। “আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। কোনো গোপন সমঝোতা বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসিনি। জনগণই আমাদের শক্তি এবং জনগণের সমর্থনই বিএনপির সবচেয়ে বড় অর্জন।”
এনসিপির কঠোর সমালোচনা করে মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, “জনগণের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লোটার যে অপচেষ্টা এনসিপি করেছিল, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। সেই ব্যর্থতার হতাশা থেকেই তারা এখন বিভিন্ন অপকর্মে জড়িয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী দিনে এনসিপি বা জামায়াত যদি কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তা শক্ত হাতে প্রতিহত করবে। আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় আমরা সবসময় সচেতন ও প্রস্তুত আছি।”
মো. মাসুদুর রহমান মাসুদ আরও বলেন, “আড়াইহাজারে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছেন। অতীতের মতো ভবিষ্যতেও জনগণের স্বার্থ, গণতন্ত্র এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা রাজপথে থাকব। কোনো ষড়যন্ত্র কিংবা নাশকতার কাছে বিএনপি মাথা নত করবে না।”
বিবৃতির শেষে তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও জনমুখী রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান এবং জনগণকে বিভ্রান্তিমূলক প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...